# তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-18
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tejgannoo-klej-msjide-gopn-boithk-jngoi-sndehe-atk-23](https://dailyfulki.com/article/tejgannoo-klej-msjide-gopn-boithk-jngoi-sndehe-atk-23)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10970.md](https://dailyfulki.com/news/10970.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ জামে মসজিদে ‘জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত’ সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান চালানো হয়।

পুলিশের একটি বিশেষ বার্তায় বলা হয়েছে, জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল মসজিদের দ্বিতীয় তলায় ‘মিট-আপ’ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩০ থেকে ৪০ জন সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে ২৩ জনকে আটক করা হয়।
 

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, মসজিদে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। তাঁদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের জঙ্গি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

অভিযানের পর ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরাও উপস্থিত ছিলেন। আটক ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি নজরদারিতে রয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
