# সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-16
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sb-upjela-oo-iuniyn-vuumi-ofise-bayometrik-hajira-calur-nirdes](https://dailyfulki.com/article/sb-upjela-oo-iuniyn-vuumi-ofise-bayometrik-hajira-calur-nirdes)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10920.md](https://dailyfulki.com/news/10920.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ওই ডিভাইস ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে গত ১৪ সেপ্টেম্বর জারি করা এক পরিপত্রে এ নির্দেশ দেওয়া হয়।

এতে জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন এবং এর নিয়মিত ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

পরিপত্রে বলা হয়, সরকারি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ই-গভর্ন্যান্স চালুসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়, জনসাধারণ যাতে নির্বিঘ্নে ও যথাসময়ে ভূমি সেবা পেতে পারেন, সেজন্য ভূমি সেবা প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও সময়মতো উপস্থিতি অত্যন্ত জরুরি।

 

এ কারণে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সব উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে অবিলম্বে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন করতে বলা হয়েছে।

একই সঙ্গে স্থাপিত ডিভাইসগুলো কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত ব্যবহার করছেন কি না, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠির মূল প্রাপক হিসেবে সব জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্টদের কাছে পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।

 

মন্ত্রণালয়ের এ উদ্যোগের ফলে মাঠ পর্যায়ে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি আরও নিয়মতান্ত্রিক হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি কমানো এবং সেবা প্রদানে জবাবদিহিতা বাড়াতে এটি ভূমিকা রাখবে।

সরকারের ই-গভর্ন্যান্স কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালুর মাধ্যমে মাঠ পর্যায়ের ভূমি প্রশাসনে প্রযুক্তিনির্ভর নজরদারি ও শৃঙ্খলা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
