# একনেকে উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-16
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ekneke-uthche-65-hajar-koti-takar-16-prklp](https://dailyfulki.com/article/ekneke-uthche-65-hajar-koti-takar-16-prklp)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10916.md](https://dailyfulki.com/news/10916.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভাকক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সভা হওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৬ প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭২ কোটি ৪৭ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে নতুন ১২টি ও সংশোধিত চারটি। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প ঢাকার মেট্রো রেল-৫-এর সাউদার্ন রুট। প্রকল্পটির ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা।

‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) সাউদার্ন রুট’ প্রকল্পে ব্যয় হবে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ এবং প্রকল্প ঋণ ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা। ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। মেয়াদ ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত।

রেল খাতের দুটি প্রকল্পের মধ্যে বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণের প্রথম সংশোধিত প্রকল্পে ব্যয় হবে ৪ হাজার ৬৬৭ কোটি ৪২ লাখ টাকা। মূল প্রকল্পের ব্যয় ছিল ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালুর প্রকল্পে ব্যয় হবে ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা।

স্বাস্থ্য খাতের ‘ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেইনস্ট টিবি, এইচআইভি/এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ’ প্রকল্পে ব্যয় হবে ৪ হাজার ৩৯ কোটি ৬ লাখ টাকা। আর স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৯৬ কোটি ৮১ লাখ টাকা।

সড়ক খাতের দুটি প্রকল্পে ব্যয় হবে যথাক্রমে ৯৪৩ কোটি ৮৭ লাখ ও ১ হাজার ৪৫৯ কোটি ৩৫ লাখ টাকা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরিশাল সেনানিবাস স্থাপনের দ্বিতীয় পর্যায়ের কাজে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ এবং খুলনা নৌ অঞ্চলে অবকাঠামো নির্মাণে ৩৭৪ কোটি ১৫ লাখ টাকা ব্যয় হবে।

এ ছাড়া ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২-এ ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ, পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পে ৭৫১ কোটি ৭৭ লাখ ও ৬০৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। খুলনা পয়ঃনিষ্কাশন, মনপুরার বিদ্যুৎ বিতরণ ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার তিনটি সংশোধিত প্রকল্পও রয়েছে তালিকায়।

তৈরি পোশাক ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উন্নয়নে নেওয়া নতুন প্রকল্পে ব্যয় হবে ৮৯ কোটি ২৫ লাখ টাকা। এ ছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৫টি প্রকল্পের বিষয়ে সভায় অবহিত করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকারের এটি সবচেয়ে বড় একনেক সভা হতে যাচ্ছে। এর আগে গত ১৩ মে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। আজকের প্রস্তাবিত প্রকল্পগুলো অনুমোদন পেলে আকারের দিক থেকে এটিই হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় একনেক সভা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
