# ভারত থেকে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-14
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/vart-theke-bangladese-eseche-500-tn-ilis](https://dailyfulki.com/article/vart-theke-bangladese-eseche-500-tn-ilis)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10871.md](https://dailyfulki.com/news/10871.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ইলিশের বাণিজ্যে এবার দেখা গেছে ব্যতিক্রমী এক চিত্র। সাধারণত বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হলেও চলতি বছরে ভারত থেকে বাংলাদেশে ইলিশ এসেছে। গত দুই মাসে গুজরাট থেকে প্রায় ৫০০ টন ইলিশ বাংলাদেশে এসেছে। আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ আসতে পারে বলে জানিয়েছেন ভারতের মাছ ব্যবসায়ীরা।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের হাওড়া পাইকারি মাছ আমদানিকারক সমিতির সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ভারত থেকে বাংলাদেশে সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরা মাছ যায়। তবে এ বছর ইলিশ পাঠানোর বিষয়টি ব্যতিক্রমী।

এসব ইলিশের বড় একটি অংশ গুজরাট থেকে সংগ্রহ করা হচ্ছে। সেখানকার ভরুচ বন্দর দিয়ে মাছের চালান বাংলাদেশে এসেছে। কিছু মাছ আবার হাওড়ার পাইকারি বাজার হয়ে বাংলাদেশে যাচ্ছে।

গুজরাটের ইলিশে ডিমের পরিমাণ তুলনামূলক বেশি এবং স্বাদে কিছুটা নোনতা হওয়ায় ভারতের স্থানীয় বাজারে এর চাহিদা সীমিত। তবে বাংলাদেশের কিছু অঞ্চলে ডিমভরা ইলিশের চাহিদা থাকায় এই মাছের বাজার তৈরি হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
