# ক্ষুধা দূরীকরণে ইসলামের বাস্তবমুখী রূপরেখার পাঁচটি মৌলিক দিক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-11
- **বিভাগ (Category)**: ধর্ম
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kshudha-duureekrne-islamer-bastbmukhee-ruuprekhar-panncti-moulik-dik](https://dailyfulki.com/article/kshudha-duureekrne-islamer-bastbmukhee-ruuprekhar-panncti-moulik-dik)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10807.md](https://dailyfulki.com/news/10807.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : আল্লাহ তায়ালা মানুষের পুরো শরীর রক্ত-মাংস ইত্যাদি দিয়ে পূর্ণ করে দিয়েছেন। কেবল পেট পূর্ণ করার দায়িত্ব মানুষের ওপর দেওয়া হয়েছে। যেন বান্দা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারে। পেটে ক্ষুধা থাকলে মানুষ অনেক অন্যায় কাজ ঘটিয়ে ফেলতে পারে। সঠিক পথ ভুলে অবৈধ পথে পা বাড়াতে পারে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, বর্তমান বিশ্বে ৮০ কোটিরও বেশি মানুষ প্রতি রাতে অনাহারে ঘুমাতে যায়। অথচ এক অবিশ্বাস্য বৈপরীত্য হলো, বিশ্বজুড়ে মানুষের প্রয়োজনের চেয়েও উদ্বৃত্ত খাদ্য উৎপাদিত হওয়া সত্ত্বেও বিপুল পরিমাণ খাবার অপচয়ের কারণে নষ্ট হচ্ছে।

এই খাদ্যাভাব কোনো প্রাকৃতিক দুর্যোগের ফল নয়; বরং এটি ত্রুটিপূর্ণ বণ্টনব্যবস্থা, অতিভোগবাদ ও অলসতার এক সম্মিলিত সংকট।

খাদ্য নিরাপত্তাকে শুধু সাধারণ মানবাধিকার হিসেবে দেখেনি ইসলাম; বরং একে মানবজীবনের অস্তিত্ব রক্ষার অন্যতম প্রধান স্তম্ভ ও মহান আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ পার্থিব নেয়ামত হিসেবে সাব্যস্ত করেছে।

ইসলাম ক্ষুধা নিবারণের যে বাস্তবমুখী রূপরেখা দিয়েছে, তার পাঁচটি মৌলিক দিক তুলে ধরা হলো-

১.কায়িক শ্রমের মর্যাদা দেওয়া

ইসলামে অলসতা ও অন্যের ওপর বোঝা হয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। জীবিকা অন্বেষণকে ইসলাম নিছক বৈষয়িক কাজ হিসেবে না দেখে ইবাদতের মর্যাদায় উন্নীত করেছে।

জুমার জামাত শেষ হওয়ার পরপরই জীবিকার সন্ধানে বের হওয়ার তাগিদ দিয়ে কোরআনে বলা হয়েছে, ‘অতঃপর যখন নামাজ সমাপ্ত হবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ (রিজিক) সন্ধান করো...।’ (সুরা জুমুআ, আয়াত: ১০)

অপর আয়াতে এসেছে: ‘তিনিই তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন; অতএব তোমরা এর দিগন্ত-প্রান্তরে বিচরণ করো এবং তাঁর দেওয়া রিজিক আহার করো।’ (সুরা মুলক, আয়াত: ১৫)

পরিশ্রম করে পরিবারের মুখে আহার তুলে দেওয়াকে আল্লাহর পথে জিহাদের সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছে।  

২.খাদ্য সংস্থানকে নিরাপত্তার ভিত্তি গণ্য করা

ইসলামি জীবনদর্শনে ক্ষুধা নিবারণ ও খাদ্য নিরাপত্তাকে মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ অনুগ্রহ হিসেবে ঘোষণা করা হয়েছে।

কোরাইশ জাতিকে দেওয়া আল্লাহর বিশেষ কৃপার কথা স্মরণ করিয়ে দিয়ে কোরআনে বলা হয়েছে, ‘অতএব তারা যেন এই গৃহের (কাবা) রবের ইবাদত করে; যিনি তাদের ক্ষুধা থেকে অন্ন দিয়েছেন এবং ভয় থেকে নিরাপত্তা দান করেছেন।’ (সুরা কুরাইশ, আয়াত: ৩-৪)

দৈনন্দিন খাদ্য সংস্থান নিশ্চিত হওয়া একজন মানুষের জন্য কতটা বড় সম্পদ, তা নবীজির একটি হাদিসে চমৎকারভাবে ফুটে উঠেছে, ‘তোমাদের মধ্যে যে ব্যক্তি সকালে নিজ পরিবারে নিরাপদে ওঠে, যার শরীর সুস্থ থাকে এবং যার কাছে সারা দিনের আহারের সংস্থান থাকে—সে যেন সমগ্র পৃথিবীটাই নিজের অধিকারে পেয়ে গেল।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৩৪৬)

৩. পাখির মতো সক্রিয় জীবিকা অন্বেষণ

অনেকে ‘আল্লাহর ওপর ভরসা’ করাকে অলস বসে থাকার বাহানা বানান। অথচ ইসলামে তাওয়াক্কুল হলো সর্বোচ্চ সাধ্য ব্যয় করে কাজ করার পর ফলাফলের দায়িত্ব আল্লাহর ওপর সঁপে দেওয়া।

রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা যদি আল্লাহর ওপর যথাযথভাবে তাওয়াক্কুল করতে, তবে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয় তোমাদেরও সেভাবে রিজিক দেওয়া হতো; তারা সকালে শূন্য পেটে বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় ভরা পেটে নীড়ে ফিরে আসে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৩৪৪)

পাখিরা কখনো বাসায় বসে অলস সময় কাটায় না; ডানা মেলে আহারের সন্ধানে বের হওয়ার মাধ্যমেই তাদের ক্ষুধা নিবারণ হয়।

৪. অপচয় রোধ ও পরিমিত খাদ্যাভ্যাস

বিশ্বের বর্তমান খাদ্যসংকটের বড় কারণ উৎপাদনের ঘাটতি নয়, বরং সম্পদের অপচয় ও অতিভোজন। ইসলাম অপচয়কে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। কোরআনে বলা হয়েছে, ‘...তোমরা আহার করো ও পান করো, কিন্তু অপচয় কোরো না; নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না।’ (সুরা আরাফ, আয়াত: ৩১)

অতিরিক্ত অপচয়কারীকে শয়তানের ভাই আখ্যা দেওয়া হয়েছে। (সুরা ইসরা, আয়াত: ২৭)

স্বাস্থ্যসম্মত ও পরিমিত খাদ্যাভ্যাসের নির্দেশ দিয়ে রাসুল (সা.) বলেছেন, ‘পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র মানুষ ভর্তি করে না। মেরুদণ্ড সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই মানুষের জন্য যথেষ্ট। যদি খেতেই হয়, তবে পেটের এক-তৃতীয়াংশ খাবারের জন্য, এক-তৃতীয়াংশ পানির জন্য এবং বাকি এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য খালি রাখা উচিত।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৩৮০)

৫. শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক

ক্ষুধা দূর করতে হলে উৎপাদনপ্রক্রিয়ায় যুক্ত মেহনতি মানুষের পারিশ্রমিক নিশ্চিত করা জরুরি। শ্রমিকের ঘাম ও অধিকার হরণকারী সমাজের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন।

হাদিসে কুদসিতে মহান আল্লাহ ঘোষণা করেছেন, কেয়ামতের দিন আমি তিন শ্রেণির মানুষের বিরুদ্ধে স্বয়ং প্রতিপক্ষ হব; তার মধ্যে একজন হলো সেই ব্যক্তি, যে কোনো শ্রমিককে কাজে নিযুক্ত করে তার কাছ থেকে পূর্ণ কাজ আদায় করে নেয়, অথচ তার ন্যায্য পারিশ্রমিক পরিশোধ করে না।’ (সহিহ বুখারি, হাদিস: ২২২৭)

শ্রমিকের পারিশ্রমিক আটকে রাখা বা তাদের শোষণ করাই প্রকারান্তরে তাদের পরিবারকে ক্ষুধার মুখে ঠেলে দেয়।

পরিশেষে ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার জন্য এক সুষম ও সার্বিক কর্মপরিকল্পনা দিয়েছে ইসলাম—যেখানে অলসতার পরিবর্তে সক্রিয় শ্রমকে ধর্মীয় মর্যাদা দেওয়া হয়েছে, শ্রমিকের অর্থনৈতিক অধিকারকে সুরক্ষিত করা হয়েছে এবং থালার শেষ দানাটি পর্যন্ত অপচয় করা থেকে সতর্ক করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
