# সাভারের আ.লীগ নেতা জুলাই হত্যা মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-08
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savarer-aleeg-neta-julai-htza-mamlar-asami-varte-palanor-smy-greptar](https://dailyfulki.com/article/savarer-aleeg-neta-julai-htza-mamlar-asami-varte-palanor-smy-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10757.md](https://dailyfulki.com/news/10757.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : আশুলিয়া থানায় ৫ আগস্টের ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলার আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী (৪০) ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তিনি ইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুমন ভূঁইয়ার ঘনিষ্ঠ সহযোগী বলে জানা যায়। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। ইদ্রিস আলী সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকার আলী আহাম্মদের ছেলে। গ্রেপ্তারের পর তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইমিগ্রেশন সূত্র জানায়, মঙ্গলবার সকালে ইদ্রিস আলী তার বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে আসেন। এ সময় কাগজপত্র যাচাই-বাছাই করতে গিয়ে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ৫ আগস্টের পর দায়ের করা একাধিক হত্যা মামলার তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

পুলিশ জানায়, ইদ্রিস আলীর বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শন এবং ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ এসআই মো. শরীফুল ইসলাম বলেন, ‘ইদ্রিস আলী ভারতে যাওয়ার জন্য সকালে ইমিগ্রেশনে আসেন। কাগজপত্র যাচাইয়ের সময় তার নামে একাধিক হত্যা মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।’ পরে ইদ্রিস আলীকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
