# ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হচ্ছেন আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-08
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhaka-uttr-sitite-prarthee-hcchen-asif-dkshine-naseeruddeen-patwaree](https://dailyfulki.com/article/dhaka-uttr-sitite-prarthee-hcchen-asif-dkshine-naseeruddeen-patwaree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10742.md](https://dailyfulki.com/news/10742.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থী তালিকায় বড় ধরনের রদবদল আনতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগের ঘোষণা থেকে সরে এসে ঢাকা উত্তরে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী রদবদলের অংশ হিসেবে উভয় নেতাই ইতিমধ্যে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে নিজ নিজ নির্বাচনি এলাকার ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করে সম্প্রতি তাঁরা ভোটার এলাকা স্থানান্তর করেন। এর মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দক্ষিণ সিটি থেকে স্থানান্তরিত হয়ে ঢাকা উত্তরের ৩৭ নম্বর ওয়ার্ডের (আফতাবনগর) ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী উত্তর সিটির উত্তরা এলাকা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ২১ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রার্থিতা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন জানিয়েছেন, শীর্ষ নেতৃত্বের মধ্যে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে এবং বিষয়টি শিগগিরই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

প্রার্থী পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরে দলটির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ জানান, সময়ের প্রয়োজন ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রাথমিক প্রার্থিতায় এই সমন্বয় আনা হচ্ছে। তফসিল ঘোষণা ও চূড়ান্ত মনোনয়ন দাখিলের আগপর্যন্ত কৌশলের অংশ হিসেবে এমন পরিবর্তন ঘটতে পারে। তিনি আরও উল্লেখ করেন, এনসিপির রাজনীতি কেবল নির্বাচনকেন্দ্রিক নয়; বরং নির্বাচনের মাধ্যমে সারা দেশের তৃণমূল পর্যায়ের সংগঠন ও নেতাকর্মীদের উজ্জীবিত ও শক্তিশালী করাই তাঁদের মূল লক্ষ্য।

এর আগে চলতি বছরের ২৯ মার্চ দলটির কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে পাঁচ সিটির প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন। সেই তালিকায় ঢাকা উত্তর সিটিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়েছিল। প্রায় ছয় মাস পর সেই অবস্থান থেকে সরে এসে রাজধানীর দুই সিটিতে শীর্ষ দুই নেতাকে দিয়ে নতুন নির্বাচনী সমীকরণ চূড়ান্ত করল দলটি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
