# ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-08
- **বিভাগ (Category)**: বিনোদন
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/italite-ovinetree-banndhner-oopr-hamlar-ovizog](https://dailyfulki.com/article/italite-ovinetree-banndhner-oopr-hamlar-ovizog)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10740.md](https://dailyfulki.com/news/10740.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

বিনোদন ডেস্ক : ইতালির ভেনিসে অবস্থানরত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর শারীরিক লাঞ্ছনা ও হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ অভিযোগ করেন তিনি।

বাঁধনের অভিযোগ, ইতালিপ্রবাসী আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের একটি দল তার ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছনা করেছে।

ফেসবুক লাইভে ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী বলেন, তিনি তার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন।

সেখানে একদল প্রবাসী বাঙালি এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করে। এ সময় তার দিকে পানি ও কোল্ডড্রিংকস ছুড়ে মারা হয় বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার সময় তার ভাইয়ের ছোট সন্তানও সঙ্গে ছিল জানিয়ে বাঁধন বলেন, হামলার ঘটনায় শিশুটি ভয় পেয়ে চিৎকার করছিল।

তার ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া এবং কানের পাশে আঘাত করারও অভিযোগ করেন এই অভিনেত্রী।

তিনি বলেন, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে অভিহিত করেছে। এর জবাবে তিনি বলেন, ‘আমি অবশ্যই জুলাইযোদ্ধা। জুলাইয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি।’
হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছিল দাবি করে বাঁধন আরও বলেন, তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয়। এ সময় তারা ঘটনাটি ভিডিও ধারণ ও লাইভ করছিল বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার ভয়াবহতা তুলে ধরে বাঁধন বলেন, ‘আমাকে দমানো সহজ নয়। আমার মনে হয়েছিল, আজকে আমাকে মেরে ফেলতে পারে।’

তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
