# আশুলিয়ায় ডিবির অভিযানে ১১০০ ইয়াবাসহ ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৭

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-01
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-dibir-ovizane-1100-iyabash-5-keji-gannja-uddhar-greptar-7](https://dailyfulki.com/article/asuliyay-dibir-ovizane-1100-iyabash-5-keji-gannja-uddhar-greptar-7)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10628.md](https://dailyfulki.com/news/10628.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ১২টি মামলা রয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম। এর আগে, সোমবার (৩১ আগস্ট) রাতে আশুলিয়ার ইয়ারপুর, বড়টেক মধুপুর, শ্রীপুর ও কাইচাবাড়ী এলাকায় পৃথক অভিযানগুলো পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-আশুলিয়া থানার তাজপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে আহাম্মদ আলী (৪০), কিশোরগঞ্জের কটিয়াদী থানার পাঁচপাড়া (চান্দপুর, মুন্সিবাড়ী) এলাকার জাহাঙ্গীর আলম মুন্সির ছেলে মো. সাগর মুন্সি (৩৫), বর্তমানে তিনি আশুলিয়ার চারাবাগ এলাকায় মমতাজের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন, আশুলিয়া থানার কলতাসূতি এলাকার মো. আবু তালেব মোল্লার ছেলে মিলন মোল্লা (৩০), রাজবাড়ীর পাংশা থানার শরিষা এলাকার শাহাজাহান ঢালির মেয়ে রাশিদা আক্তার রাশু (২৫), বর্তমানে তিনি সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকায় আরিফের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। সাভার পৌরসভার আড়াপাড়া এলাকার মৃত তারা রাজবংশীর ছেলে শ্যামল রাজবংশী (৩২); মানিকগঞ্জের দৌলতপুর থানার আবু ডাঙ্গা এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে মো. জাফর শেখ (৪৫), বর্তমানে তিনি আশুলিয়ার কাইচাবাড়ী (ডুমবাড়ি) এলাকায় বসবাস করেন এবং সাভার পৌরসভার মজিদপুর এলাকার ফুলচাঁন বেপারীর ছেলে মো. সাইফুল ইসলাম (৪৫)।

ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টা ২০ মিনিটে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে আহাম্মদ আলীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এরপর রাত ৯টার দিকে বড়টেক মধুপুর এলাকায় অভিযান চালিয়ে মো. সাগর মুন্সিকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সাগর মুন্সির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে থেকেই ১২টি মামলা রয়েছে।

অন্যদিকে, রাত ৯টা ৪০ মিনিটে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মিলন মোল্লাকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া রাত সাড়ে ১০টার দিকে কাইচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রাশিদা আক্তার রাশু, শ্যামল রাজবংশী, মো. জাফর শেখ ও মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে পৃথক চার অভিযানে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
