# আশুলিয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-30
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-ontsttwa-streeke-htza-swamee-greptar](https://dailyfulki.com/article/asuliyay-ontsttwa-streeke-htza-swamee-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10592.md](https://dailyfulki.com/news/10592.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি মো. বেলাল মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (৩০ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৪।

এর আগে শনিবার (২৯ আগস্ট) সকালে র‌্যাব-৪ ও র‌্যাব-১১-এর যৌথ দল কুমিল্লার বুড়িচং থানার গোল্ডেন টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র‌্যাব জানায়, নিহত তরুণীর বয়স ১৯ বছর। তিনি আশুলিয়ার একটি চুল কারখানায় কাজ করতেন। প্রায় এক বছর আগে বেলাল মিয়ার সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়।
বিয়ের পর তারা আশুলিয়ায় কারখানার পাশের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। নিহত তরুণী দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ কারণে তার মা ও বড় ভাইও কিছুদিন ধরে তাদের সঙ্গে অবস্থান করছিলেন।

মামলার এজাহার ও গ্রেপ্তার বেলালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, গত ২৮ ফেব্রুয়ারি সকালে নিহত তরুণীর ভাই ঘুমিয়ে ছিলেন।
ওই সময় বেলাল চুপিচুপি ঘরে ঢুকে তার শাশুড়ি ও শ্যালকের স্মার্টফোন নিয়ে বের হওয়ার চেষ্টা করেন। দরজা বন্ধ করার শব্দে নিহতের ভাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি বেলালকে চিনতে পেরে নাম ধরে ডাকাডাকি করলে কৌশলে পালিয়ে যান তিনি। পরে নিহতের মা ও ভাই তরুণীর কক্ষের সামনে গিয়ে দরজায় বাইরে থেকে ছিটকিনি দেওয়া দেখতে পান। দরজা খুলে ভেতরে প্রবেশ করে মেঝেতে ওই তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন।

এ সময় তার গলায় আঘাতের চিহ্ন এবং দুই হাতের কবজির রগ কাটা অবস্থায় পাওয়া যায়। 
র‌্যাব-৪ আরো জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলায় আঘাত এবং দুই হাতের কবজির রগ কেটে হত্যা করেছেন বেলাল মিয়া। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টির পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনাটি আলোচিত হয়।

র‌্যাব জানায়, হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে ঘটনার পর থেকেই ছায়া তদন্ত চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বেলাল মিয়ার অবস্থান শনাক্ত করে কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বেলাল মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
