# প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ, মৌখিকে এসে ৬ প্রার্থী আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-29
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prksi-diye-likhit-preekshay-utteern-moukhike-ese-6-prarthee-atk](https://dailyfulki.com/article/prksi-diye-likhit-preekshay-utteern-moukhike-ese-6-prarthee-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10553.md](https://dailyfulki.com/news/10553.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার অভিযোগে মৌখিক পরীক্ষায় অংশ নিতে এসে ছয় প্রার্থী আটক হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৩৩৭ নম্বর কক্ষে অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। গভীর রাতে ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে প্রিলিমিনারি পরীক্ষা গত ১১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা গত ১৫ মে অনুষ্ঠিত হয়। শুক্রবার ৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল। এ সময় কয়েকজন প্রার্থীর হাতের লেখা ও মেধা যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে।

পরে জিজ্ঞাসাবাদে ওই ছয় প্রার্থী প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেন বলে জানা গেছে।

আটক ছয় প্রার্থী হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. রবিউল, রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. রাকিব হাসান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. রাকিবুল হাসান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. শুভ মিয়া এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মো. সবুজ ইসলাম।

ঘটনার পর ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়। পরে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল আলমের তত্ত্বাবধানে রাত ৯টা ৫০ মিনিটের দিকে ছয় প্রার্থীকে বাংলাদেশ সচিবালয় থেকে শাহবাগ থানায় নেওয়া হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আটক ছয় প্রার্থীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
