# কক্সবাজারে এনসিপির পাঁচ নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুন্জন, ‘ঘুরতে গেছেন’, দাবি তাদের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-05
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kksbajare-ensipir-pannc-neta-pitar-haser-sngoe-boithker-gunjn-ghurte-gechen-dabi-tader](https://dailyfulki.com/article/kksbajare-ensipir-pannc-neta-pitar-haser-sngoe-boithker-gunjn-ghurte-gechen-dabi-tader)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1053.md](https://dailyfulki.com/news/1053.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির বিশেষ দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষস্থানীয় নেতা হঠাৎ কক্সবাজারে গেছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

তাদের হঠাৎ কক্সবাজার উপস্থিতিতে গুন্জন ছড়িয়ে পড়ে তারা বাংলাদেশে অ্যামেরিকার সাবের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক কপতে ওখানে গিয়েছেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং তাসনিমের স্বামী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এই সফরে আছেন। বিমানবন্দর থেকে হোটেলের মাইক্রোবাসে করে তারা উখিয়ার ইনানী সৈকতের পাঁচ তারকা ‘সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’ হোটেলে (পূর্বের নাম রয়েল টিউলিপ) যান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সফরের বিষয়ে প্রশাসন বা বাহিনীকে অবগত করা হয়নি। রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে, তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে গেছেন। দুপুরের দিকে শহর থেকে প্রায় ১৫-২০ কিলোমিটার দূরের ওই হোটেলে বৈঠকের খবর ছড়িয়ে পড়ে।

বিএনপির স্থানীয় এক নেতা বলেন, বর্ষপূর্তির দিনে তাদের হঠাৎ আগমন ও দূরের হোটেলে অবস্থান সন্দেহ তৈরি করেছে এবং পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জনে কৌতূহল আরও বেড়েছে। তবে তিনি পিটার হাসের উপস্থিতি নিয়ে নিশ্চিত নন।

পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত। এর আগে তিনি ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূত ছিলেন।

হোটেলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা পরিচয় দেওয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কামরুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, ‘পিটার হাস বা এ ধরনের কেউ হোটেলে আসেননি’।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভিকে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা কক্সসবাজারে ঘুরতে গেছেন। পিটার হাঁসের সঙ্গে বৈঠকের খবর ‘গুজব ও অপপ্রচার’।

এনসিপির আরেক নেতা খালেদ সাইফুল্লাহও একে ‘সম্পূর্ণ ভুয়া খবর’ বলে উড়িয়ে দেন। তিনি এক অনলাইন পোর্টালকে হেলেন, ‘আমরা এখানে পিটার হাস কিংবা অন্য কারো সাথে কোনো মিটিং করিনি। এমনকি পিটার হাসের সঙ্গে আমাদের দেখাও হয়নি। আমরা কয়েকজন এখানে ঘুরতে এসেছি।’

তবে এইদিনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তাদের কক্সবাজার সফর কৌতুহলের সৃষ্টি করে। সি পার্ল হোটেলের বাইরে গণমাধ্যমের কর্মীরা তথ্য সংগ্রহে জড়ো হন। বিএনপির স্থানীয় নেতা-কর্মীরাও সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

ঢাকায় আজ বর্ষপূর্তি উপলক্ষে নানা রাষ্ট্রীয় অনুষ্ঠান চলছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়, যেখানে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। কিন্তু সেই অনুষ্ঠানে না থেকে এনসিপির ওই পাঁচ নেতা ‘ব্যক্তিগত সফরে’ কেন গেছেন তা নিয়ে গুন্জন তৈরী হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
