# ভূরুঙ্গামারীতে গুদাম থেকে সার লুটের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-24
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/vuurungoamareete-gudam-theke-sar-luter-ghtnay-pannc-sdszer-tdnt-kmiti](https://dailyfulki.com/article/vuurungoamareete-gudam-theke-sar-luter-ghtnay-pannc-sdszer-tdnt-kmiti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10459.md](https://dailyfulki.com/news/10459.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গুদাম থেকে সার লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার রাত ৮টায় এক সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। এরই মধ্যে গতকাল সন্ধ্যা পর্যন্ত ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে ভুরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে এবং সদস্যসচিব করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বারকে।

কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, ইতোমধ্যেই লুট হওয়া ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সার ডিলারকে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্ত কমিটিকে আজ সোমবারের দুপুরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রবিবার দুপুরে সার কিনতে আসা শতাধিক কৃষক উপজেলার শিলখুড়ী ইউনিয়নের ধলডাঙ্গা গ্রামে মেসার্স শাহ আমানত ট্রেডার্স ডিলারের গুদামঘর থেকে ২০০ বস্তা সার নিয়ে যায় বিক্ষুব্ধ কৃষকেরা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
