# সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে সংবর্ধনা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-23
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-deputi-ozatrni-jenarel-bzaristar-sihab-uddin-khanke-sngbrdhna](https://dailyfulki.com/article/savare-deputi-ozatrni-jenarel-bzaristar-sihab-uddin-khanke-sngbrdhna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10442.md](https://dailyfulki.com/news/10442.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : সাভারের সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়ায় পৌর এলাকার গেন্ডাবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে গেন্ডা এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করা হয়।

সংবর্ধনা সভা মো: ইয়াকুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অধ্যাপক দীপক কুমার রায়, অধ্যাপক মো: জহিরুল ইসলাম ধীমান, অধ্যাপক মোঃ বদরুল আলম, সিনিয়র সাংবাদিক রেজাউর রহমান সোহাগ, কে এম ফরিদ বাবলু, বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম খান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফালান মিয়া, সেক্রেটারি মোহাম্মাদ আলী মোল্লা, সহ-সভাপতি নুরুল ইসলাম, ব্যবসায়ী কাজী আঃ হামিদ, শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসনাইন জিসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাভারের সন্তান ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পুরো সাভারবাসীর জন্য গর্বের বিষয়। তার মেধা, যোগ্যতা, পেশাগত দক্ষতা অর্জনের স্বীকৃতি হিসেবে এ নিয়োগকে সরকারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তারা। ব্যারিস্টার শিহাব উদ্দিন খান সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে পাওয়া এই ভালোবাসা ও সম্মান তার জন্য অত্যন্ত আনন্দের। এই ভালোবাসা তার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, মানুষের দোয়া ও ভালোবাসা তার পথচলার বড় অনুপ্রেরণা। তিনি সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান।

ব্যারিস্টার শিহাব উদ্দিন খান সম্প্রতি বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। গত ৩০ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের প্রজ্ঞাপনে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। সংবর্ধনা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
