# সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-22
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-jateey-smrritisoudhe-srddha-janalen-rashtrpti-mirja-fkhrul-islam-almgeer](https://dailyfulki.com/article/savare-jateey-smrritisoudhe-srddha-janalen-rashtrpti-mirja-fkhrul-islam-almgeer)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10417.md](https://dailyfulki.com/news/10417.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ শনিবার সকাল ১০টা ২২ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ আসেন। এরপর স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় স্যালুট দেয়। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। সকাল ১০টা ৩৭ মিনিটে তিনি স্মৃতিসৌধ থেকে বেরিয়ে যান।

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন উপলক্ষে সকাল থেকে জাতীয় স্মৃতিসৌধ চত্বর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্মৃতিসৌধ সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখা হয়। মহাসড়কের দুই পাশেই পুলিশ মোতায়েন রাখা হয়।

## হেয়ার রোডের বাসায় ফিরেছেন রাষ্ট্রপতি
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ দুপুর ১২টার কয়েক মিনিট আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বাসভবনে প্রবেশ করেন। রাষ্ট্রপতি অবস্থান করায় হেয়ার রোডের বাসভবনের সামনে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা দেখা গেছে। সেখানে দায়িত্ব পালন করছেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরাও।

আগামীকাল রোববার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে উঠার কথা রয়েছে।

 

গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, বর্তমান মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানের অতিথির সারিতে ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন হয়। একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সংসদের ৩৪৯ জন সদস্যের মধ্যে ৩৪৩ জন এই নির্বাচনে ভোট দেন। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। বিপুল ব্যবধানে নির্বাচিত হওয়ার পরদিনই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
