# ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-21
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/eede-miladunnbee-uplkshe-sikshaprtishthane-bisesh-krmsuuci](https://dailyfulki.com/article/eede-miladunnbee-uplkshe-sikshaprtishthane-bisesh-krmsuuci)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10401.md](https://dailyfulki.com/news/10401.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ কর্মসূচি আয়োজন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে সরকারের এ সংক্রান্ত নির্দেশনার কপি প্রকাশ করা হয়।

এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বিশেষ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভার আয়োজন করা হবে।

আলোচনা সভায় ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে।

এ বছর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অন্যান্য ইলেকট্রনিক মিডিয়াকে বিশেষ অনুষ্ঠান প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে। সংবাদপত্রগুলোও এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
