# এসএসসি পুনঃনিরীক্ষণের ফল মিলতে পারে ১০ সেপ্টেম্বর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-20
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/esessi-punnireekshner-fl-milte-pare-10-septembr](https://dailyfulki.com/article/esessi-punnireekshner-fl-milte-pare-10-septembr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10385.md](https://dailyfulki.com/news/10385.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ করতে চেয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হয়েছে। এ প্রস্তাবে শিক্ষা মন্ত্রণালয় সায় দিলে ওইদিন ফল প্রকাশ করতে চায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রত্যাশিত ফল না পেয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা ৪ লাখ পরীক্ষার্থী এ ফলের অপেক্ষায় আছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (২০ আগস্ট) জানান, ১০ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশে সম্ভাব্য তারিখ নির্ধারণ করে একাদশে ভর্তির প্রস্তাবিত খসড়া নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এ ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে।

চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় আশানরূপ ফল না পেয়ে ৪ লাখ ২ হাজার ৫১ জন পুনঃনিরীক্ষণের আবেদন করছেন। তারা মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি পত্রের ফল পুনঃনিরীক্ষণ চেয়েছেন।

এর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি পত্রের সঙ্গে ব্যবহারিক রয়েছে। সেই হিসাবে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি তত্ত্বীয় উত্তরপত্র এবং ২ লাখ ৩১ হাজার ৪৭১টি ব্যবহারিক উত্তরপত্রসহ মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হবে।

গত ১০ অগাস্ট চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। এবারের পরীক্ষায় মোট ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ফল প্রকাশের পরদিন থেকে ১৭ অগাস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ পেয়েছিলেন পরীক্ষার্থীরা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
