# রাষ্ট্রপতি নির্বাচন : ভোট থেকে ফল ঘোষণা যেভাবে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-20
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rashtrpti-nirwacn-vot-theke-fl-ghoshna-zevabe](https://dailyfulki.com/article/rashtrpti-nirwacn-vot-theke-fl-ghoshna-zevabe)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10373.md](https://dailyfulki.com/news/10373.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের ভোটে এবার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে এ ভোটগ্রহণ হবে।

 

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সংসদ সদস্যরা নির্ধারিত নিয়মে ব্যালট সংগ্রহ করে ভোট দেবেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হবে গণনা।

 

সব ভোট আগে শেষ হলে নির্ধারিত সময়ের আগেও গণনা শুরু করা যেতে পারে।

 

যেভাবে ভোট দেবেন এমপিরা
সংসদকক্ষে প্রবেশের সময় প্রত্যেক সংসদ সদস্যকে সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নিজ আসনে বসার পর সহকারী নির্বাচনী কর্মকর্তার কাছ থেকে নাম ও নির্বাচনী সংখ্যা-সংবলিত ব্যালট পেপার সংগ্রহ করতে হবে।

ব্যালট পেপারের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে তা সহকারী নির্বাচনী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।

 

এরপর ব্যালটের নির্ধারিত অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে। ভোট দেওয়া শেষে ব্যালট পেপার সংসদকক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।

 

কোনো কারণে ব্যালট পেপার লেখার সময় নষ্ট হয়ে গেলে সেটি ব্যালট বাক্সে দেওয়ার আগে নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিতে হবে। এরপর নির্বাচন কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

 

ভোটকক্ষে যেসব নিয়ম
ভোটগ্রহণের সময় সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো যাবে না।

 

এ সময় কোনো বক্তব্য বা ভাষণও দেওয়া যাবে না।

 

ভোট দেওয়ার সময় কোনো সমস্যা দেখা দিলে চিফ হুইপ ও বিরোধী দলের চিফ হুইপের সহায়তা নিতে হবে। এ ছাড়া ব্যালট পেপারে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা উল্লেখ থাকলেও সংসদ সদস্যদের সেখানে স্বাক্ষরের পরিবর্তে পূর্ণ নাম লিখতে হবে।

যেভাবে গণনা হবে
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গণনা শুরু হবে। প্রথমে কতজন সংসদ সদস্য ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও কতটি বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাব করা হবে। এরপর প্রার্থীদের পাওয়া বৈধ ভোট গণনা করা হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচন কর্মকর্তা। পরে নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ভোট রয়েছে। সংসদ ভবনের নির্ধারিত বুথে আসন নম্বর অনুযায়ী সংসদ সদস্যরা ভোট দেবেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পরই গণনা শুরু হবে এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
