# লালমনিরহাটে ট্রাক-অটো সংঘর্ষে নিহত ২, আহত ৫

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-15
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/lalmnirhate-trak-oto-sngghrshe-niht-2-aht-5](https://dailyfulki.com/article/lalmnirhate-trak-oto-sngghrshe-niht-2-aht-5)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10264.md](https://dailyfulki.com/news/10264.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

সানোয়ার রাকিবুল ইসলাম, লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের হাতীবান্ধায় নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সোনালী ব্যাংক চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পশ্চিম সারডুবী এলাকার জহুরুল ইসলাম (৫২) এবং সিংসিমারী শস্যগুদাম এলাকার আব্দুল মজিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারীগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৫ ৪৮২) বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশের ‘হিরন মোটরস’ শোরুমে ঢুকে পড়লে শোরুম ও বেশ কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত গাড়ি ও ঘাতক ট্রাকচালককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। চালক নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ জানায়, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
