# ঢাকা ইপিজেডে সৌরবিদ্যুৎ প্রকল্পের যাত্রা শুরু করলো গুনজে ইউনাইটেড

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-11
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhaka-ipijede-sourbidzutt-prklper-zatra-suru-krlo-gunje-iunaited](https://dailyfulki.com/article/dhaka-ipijede-sourbidzutt-prklper-zatra-suru-krlo-gunje-iunaited)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10169.md](https://dailyfulki.com/news/10169.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) অবস্থিত নিজস্ব কারখানায় ৪২৪ কিলোওয়াট পিক (কেডব্লিউপি) ক্ষমতার রুফটপ সোলার পিভি প্রকল্পের উদ্বোধন করেছে গুনজে ইউনাইটেড লিমিটেড। বাংলাদেশে শিল্প খাতে টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের প্রসারে এই রুফটপ সোলার প্রকল্পকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিইপিজেডে গুনজে ইউনাইটেড লিমিটেডের কারখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন ও কমিশনিং সম্পন্ন হয়। এ সময় দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

গুনজে ইউনাইটেড লিমিটেড হলো ইউনাইটেড গ্রুপ ও জাপানের গুনজে করপোরেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। মোট ৭২২টি উচ্চক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল নিয়ে গঠিত এই রুফটপ সোলার প্রকল্পটি এখন পুরোদমে সচল রয়েছে এবং প্রয়োজনীয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করছে।

বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব শিল্প পরিবেশ গড়ে তুলতে গুনজে ইউনাইটেডের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল।

অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের পরিচালক খন্দকার জায়েদ আহসান, ইউনাইটেড গ্রুপের গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার সাইদুল ইসলাম এবং গুনজে ইউনাইটেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিতোশি মোরি উপস্থিত ছিলেন।

শিল্পপ্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে কীভাবে কার্যকরভাবে নবায়নযোগ্য শক্তি উৎপাদন করা যায়, গুনজে ইউনাইটেড লিমিটেডের এই উদ্যোগ তার একটি দৃষ্টান্ত। বাংলাদেশের শিল্প খাতে গ্রিন এনার্জি বা পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারের রূপান্তরকে এ ধরনের প্রকল্প আরও ত্বরান্বিত করবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
