# সরাসরি ২০২৭ বিশ্বকাপ নিশ্চিত হলো বাংলাদেশের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-11
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/srasri-2027-biswkap-niscit-hlo-bangladeser](https://dailyfulki.com/article/srasri-2027-biswkap-niscit-hlo-bangladeser)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10156.md](https://dailyfulki.com/news/10156.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দীর্ঘদিনের চিন্তা, অপেক্ষা আর অঙ্ক কষার অবসান। সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। একইসাথে নিশ্চিত হয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাইপর্ব। এ নিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপ বাছাই খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

এ দফা বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সরাসরি কোয়ালিফাইয়ের লড়াই চলছিল, যেখান থেকে সবার আগে আফগানিস্তান এবং এরপর বাংলাদেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বাছাইপর্ব না খেলেই।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র‍্যাংকিংইয়ে থাকা শীর্ষ ৮টি দল বিশ্বকাপে খেলার সরাসরি টিকিট পাবে। তবে স্বাগতিক হওয়ায় এর বাইরে থাকবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। যেহেতু দক্ষিণ আফ্রিকা শীর্ষ ৮-এ রয়েছে, তাই র‍্যাংকিংয়ের শীর্ষ ৯ দল সরাসরি যাবে বিশ্বকাপে।

বেলফাস্টে আইরিশদের হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপে জায়গা নিশ্চিতের পর র‍্যাংকিংয়ের হিসেবনিকেশ বলছে, বাংলাদেশের জায়গাও পাকা। ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, 'আফগানিস্তানের সাথে সরাসরি বিশ্বকাপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।'

৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ম্যাচ আছে দুটি, ভারতের বিপক্ষে। তবে ঐ দুটি ম্যাচ দিয়ে বাংলাদেশকে টপকে যাওয়ার কোনো সুযোগই নেই তাদের। তাই একদিকে যেমন বাংলাদেশের বিশ্বকাপ টিকিট নিশ্চিত, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকেও নিশ্চিতভাবে লড়তে হবে বিশ্বকাপ বাছাইপর্বে।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
