# ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-09
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jhalkathir-vasman-peyarar-bajar-pridrsne-markin-rashtrduut](https://dailyfulki.com/article/jhalkathir-vasman-peyarar-bajar-pridrsne-markin-rashtrduut)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10106.md](https://dailyfulki.com/news/10106.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি ঝালকাঠির ভীমরুলী এলাকার ভাসমান পেয়ারার বাজার ও বিভিন্ন পেয়ারা বাগান ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে পেয়ারা চাষ, উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে বিভিন্ন তথ্য জানেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত জানান, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার তাকে মুগ্ধ করেছে। এখানকার বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম এবং উৎপাদিত পেয়ারার গুণগত মানও তাকে আকৃষ্ট করেছে।

 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উষ্ণ ও ক্রান্তীয় অঞ্চলেও পেয়ারা চাষ হয়ে থাকে। দেশটির ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা উৎপাদন করা হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে তিনি তার দেশের সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। রাষ্ট্রদূতের এ পরিদর্শন স্থানীয় পেয়ারা চাষিদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন বাগান মালিকরা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
