# গণ-অভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-08
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gn-ovzutthan-chil-17-bchrer-dharabahik-andolner-fsl-swrashtrmntree](https://dailyfulki.com/article/gn-ovzutthan-chil-17-bchrer-dharabahik-andolner-fsl-swrashtrmntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10090.md](https://dailyfulki.com/news/10090.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : গণ-অভ্যুত্থান নিউটনের কোনো আপেল ছিল না, বরং এটি ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থান কোনো নিউটনের আপেল ছিল না।

এটাকে আমাদের পাকাতে হয়েছে, এটা কখনো অটোমেটিক ছিঁড়ে পড়েনি। দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে এই আপেলকে এই আন্দোলনকে, এই গণ-অভ্যুত্থানকে আমাদের পেরে নিতে হয়েছে।’
শনিবার (৮ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও দ্বিতীয় বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের রাজনীতির নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বলে পুরনো বন্দোবস্তের ধারায়।

তাদের সংশোধন হতে বলব। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণির ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। শিখতে হবে, অনেক দূর যেতে হবে। রাজনীতির মাঠ অনেক কঠিন, বন্ধুর এবং কণ্টকাকীর্ণ পথ।

এত সহজ নয়।’
তিনি বলেন, ‘কেউ যদি মনে করে, মাত্র ৩৬ দিনের আন্দোলনের ভেতরে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক অপরিপক্বতা। সে জন্য বলি, রাজনীতির মাঠের প্রাইমারি স্কুলের বাল্যশ্রেণির ছাত্র হিসেবে যদি সব কিছু বুঝে নিয়েছি বলা হয়, আমি তাদের বলব, নতুন দলের নতুন বন্ধুদের, পুরনো বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না। চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না।’

তিনি আরো বলেন, ‘আমাদের বন্ধুরা যারা গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিনের সঙ্গী ছিল, কখনো কখনো তারা লুকিয়ে বা অন্যভাবে আন্দোলনে শরিক ছিল।

প্রকাশ্যে তারা খুব বেশি মাঠে-ময়দানে আন্দোলন করেনি। আমরা জাতীয় সংসদে বিতর্ক করব, মাঠে-ময়দানে রাজনীতি করব, সেটা হবে গণতান্ত্রিক চর্চা। কিন্তু আমরা এমন চর্চা করব না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়।’
তিনি বলেন, ‘যারা জুলাই গণ-অভ্যুত্থানের এই কৃতিত্বকে ছিনতাই করতে চায়, যার ওপর ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চায়, তাদের কাছে আমরা অনেকবার বলেছি যে চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ফেল করেছে (ব্যর্থ হয়েছে)। একাত্তরের চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফেল করেছে।’

শেখ হাসিনা একাত্তরের চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে গিয়ে বসে আছে বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমরা বলেছি, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে এটা একটা প্রবাদ হয়ে গেছে। প্রবক্তা আমি হলেও, প্রবাদ হতে তো অসুবিধা নেই। কেন হয়েছে? এই চেতনার রাজনীতি করতে করতে।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
