# সাভারের তিনটি ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-07
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savarer-tinti-iuniyn-keraneegnje-sngzuktir-prtibade-bikshov-smabes](https://dailyfulki.com/article/savarer-tinti-iuniyn-keraneegnje-sngzuktir-prtibade-bikshov-smabes)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10082.md](https://dailyfulki.com/news/10082.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার উপজেলার তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার (০৭ আগস্ট) দুপুরে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে একটি ফরমে স্বাক্ষর নেওয়া হয়েছে। পরে সেই স্বাক্ষর ব্যবহার করে তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে সাভার উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্ত করার চেষ্টা চলছে।

সমাবেশে তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মো: জামালউদ্দিন সরকার বলেন, ‘আমরা কোনোভাবেই সাভার থেকে বিচ্ছিন্ন হতে চাই না। নাগরিক সেবা, শিক্ষা, চিকিৎসা ও প্রশাসনিক সব কার্যক্রম সাভারকেন্দ্রিক। তাই এই তিনটি ইউনিয়নকে সাভার উপজেলার সঙ্গেই রাখতে হবে। ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে। সেই স্বাক্ষর অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা হবে জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এ ধরনের কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না।’

বক্তারা আরও বলেন, সাভারের তিনটি ইউনিয়নকে উপজেলা থেকে বিচ্ছিন্ন করার যেকোনো উদ্যোগ প্রতিহত করা হবে। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর অংশে যানবাহন চলাচল স্থবির হয়ে পরে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তবে তিনটি ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
