# এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার, জানালেন সারজিস আলম

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-05
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ensipir-salauddeen-tanveer-greptar-janalen-sarjis-alm](https://dailyfulki.com/article/ensipir-salauddeen-tanveer-greptar-janalen-sarjis-alm)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10045.md](https://dailyfulki.com/news/10045.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ওই পোস্টের কারণে তাঁকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে জানিয়েছেন, বগুড়া জেলা বিএনপির এক নেতার করা মামলায় আজ বুধবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করা হয়।

তানভীরের গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়ে ফেসবুক পোস্টে সারজিস আলম অভিযোগ করেন, দলীয় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপি ও পুলিশ ‘ক্ষমতা দেখিয়েছে’।

 

পোস্টে সারজিস আলম লেখেন, হবিগঞ্জ ও সিলেটে সম্প্রতি সংঘটিত হামলার প্রসঙ্গ টেনে সালাউদ্দীন তানভীর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এক লাইনের একটি পোস্ট দেন। তবে পার্টির পক্ষ থেকে আপত্তি জানানোর পর তিনি পোস্টটি মুছে ফেলেন এবং পরবর্তীকালে ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রুতি দেন।

 

সারজিস আলম লিখেছেন, ‘একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখল, সেটা লেখা উচিত হয় নাই বুঝতে পেরে ডিলিট করল, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করল...পার্টি থেকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এতকিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখাইল!’

বিএনপির বর্তমান আচরণের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘যে জুলুমে বিএনপি ১৬ বছর ধরে নিপীড়িত ছিল, আজকে ক্ষমতার পালাবদলে তারা সেই একই চরিত্র দেখানো শুরু করেছে।’

এ ছাড়া সিলেটে ছাত্রদলের হামলায় আহত ছাত্রশক্তির কর্মী আলিফের চোখ নষ্ট হওয়ার ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার না করা নিয়েও প্রশ্ন তোলেন এই এনসিপি নেতা।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দীন তানভীরকে এরই মধ্যে কারণ দর্শানোর নোটিশ ও সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপি।

গত শুক্রবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, কেন তাঁর বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা ও তথ্যপ্রমাণ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নিকট জমা দিতে হবে।

গাজী সালাউদ্দীন তানভীরকে এনসিপি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম ও পাঠ্যবই ছাপার কাগজের কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠার পর তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীকালে তিনি পুনরায় দলে ফিরে আসেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
