# সৎ ও আদর্শবান নাগরিক গঠনের মাধ্যমে বৈষম্যমুক্ত ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করতে হবে : -মাওলানা দেলোয়ার হোসাইন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-03
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/stt-oo-adrsban-nagrik-gthner-madhzme-boishmzmukt-insafpuurn-rashtr-kayem-krte-hbe-maoolana-deloyar-hosain](https://dailyfulki.com/article/stt-oo-adrsban-nagrik-gthner-madhzme-boishmzmukt-insafpuurn-rashtr-kayem-krte-hbe-maoolana-deloyar-hosain)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10009.md](https://dailyfulki.com/news/10009.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ, ঢাকা জেলার সভাপতি অধ্যাপক জামাল হোসেন এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাসানুর রহমান এর সঞ্চালনায় সোমবার (৩ আগস্ট) বাদ আসর সাভার পৌর এলাকার একটি কলেজ অডিটোরিয়ামে জুলাই বিপ্লব: শিক্ষকদের ভবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ ঢাকা জেলার উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, জুলাই আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। জুলাই বিপ্লব আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা, মানবিক মূল্যবোধ এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করাই একজন শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব। শিক্ষক কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; তিনি একজন শিক্ষার্থীর চরিত্র, নৈতিকতা, দায়িত্ববোধ এবং দেশপ্রেম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই যেকোনো জাতীয় ঘটনার আলোকে আমাদের শিক্ষার্থীদের সত্যনিষ্ঠ, যুক্তিবাদী, সহনশীল এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব আমাদের স্মরণ করিয়ে দেয় যে, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, মানবিক মর্যাদা এবং শান্তিপূর্ণ সহাবস্থান একটি সভ্য সমাজের অপরিহার্য ভিত্তি। শিক্ষা প্রতিষ্ঠানে এমন পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে শিক্ষার্থীরা যুক্তি, গবেষণা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে মত প্রকাশ করতে শেখে।

প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোঃ রবিউল ইসলাম বলেন, আমাদের প্রত্যাশা, বাংলাদেশ হবে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র। সেই বাংলাদেশ গঠনের সবচেয়ে বড় শক্তি হলো সুশিক্ষা এবং আদর্শবান তরুণ প্রজন্ম। শিক্ষক সমাজকে এই দায়িত্ব নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের সঙ্গে পালন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও ঢাকা জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের ঢাকা জেলার উপদেষ্টা আসাদুজ্জামান জীম, ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক মনসুর আলী, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান খান, সাভার মডেল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিরাজুল ইসলাম, ধামরাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় ঢাকা জেলার বিভিন্ন কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
