# পালানোর পর প্রথমবার জনসমক্ষে আসছেন শেখ হাসিনা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-03
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/palanor-pr-prthmbar-jnsmkshe-aschen-sekh-hasina](https://dailyfulki.com/article/palanor-pr-prthmbar-jnsmkshe-aschen-sekh-hasina)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10007.md](https://dailyfulki.com/news/10007.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমবারের মতো জনসমক্ষে আসতে পারেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বুধবার ভারতের নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মুখে সরকারের পতনের পর শেখ হাসিনা ভারত চলে যান। এরপর থেকে তিনি দেশটিতেই অবস্থান করছেন। ক্ষমতাচ্যুতির প্রায় দুই বছর পর এবার দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার একটি অনুষ্ঠানে তাকে দেখা যেতে পারে।

বুধবার (৫ আগষ্ট) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতি, দেশে ফেরার পরিকল্পনা এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে বক্তব্য দিতে পারেন। একই অনুষ্ঠানে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

শেখ হাসিনা এর আগে জানিয়েছিলেন, তিনি বাংলাদেশে ফিরতে চান। গত সপ্তাহে এএফপিকে দেওয়া এক ইমেইল সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরলে তাকে হত্যা, গ্রেপ্তার বা কারাগারে পাঠানোর ঝুঁকি রয়েছে—এ বিষয়টি তিনি জানেন। তবে জনগণের আহ্বানে তিনি ফিরতে চান।

এদিকে, বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান গত সপ্তাহে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দেশে প্রবেশের পর আদালতে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেফতার করা  হবে। এবং আদালতে রায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তিনি ভারতে পালিয়ে যান। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
