স্টাফ রিপোর্টার : হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১০৫টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪৫ হাজার ১৫৮ জন হাজি। দেশটির বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ৪৯ জন।
চিকিৎসাধীন ১১ জন।
মারা যাওয়াদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ ও জেদ্দায় একজন মারা গেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা ৪৫ হাজার ১৫৮ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৫১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪১ হাজার ৬৪৭ জন রয়েছেন।
আর ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ হাজার ৭৫৮ জন, সৌদি এয়ারলাইনস ১৭ হাজার ৩৪৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হাজি পরিবহন করেছে।
এখন পর্যন্ত মোট ১০৫টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৪৩টি, সৌদি এয়ারলাইনস ৪৩টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।
অন্যদিকে, সৌদি আরবে এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৬ জন নারী।
এ ছাড়া, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৪০১ জন হাজি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১১ জন হাজি।
এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে।
অন্যদিকে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
