মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
dailyfulki
daily-fulki

জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জাগপা

 

স্টাফ রিপোর্টার: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বলেছে, জুলাই সনদের ঘোষণা না দিলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং এটি হবে জুলাই যোদ্ধাদের সঙ্গে এক চরম বেঈমানি।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক জাগপা আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান এ মন্তব্য করেন। মানববন্ধনের মূল দাবি ছিল— জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ ঘোষণা এবং পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন।

আসাদুর রহমান খান বলেন, কতিপয় রাজনৈতিক দলের অশুভ উদ্দেশ্যের কারণে অন্তর্বর্তী সরকার জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে পারছে না। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের ঘোষণা না দিলে তা হবে জুলাই যোদ্ধাদের প্রতি বিশ্বাসঘাতকতা।

তিনি আরও বলেন, ভারতীয় আগ্রাসনের কারণে বারবার বাংলার মানুষকে রক্ত দিতে হচ্ছে। কিছু রাজনৈতিক দলের নেতা ভারতের টাকায় একেক সময় একেক কথা বলেন। নির্বাচন ও জুলাই সনদ নিয়ে তারা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চান। কিন্তু দেশবাসী জানে কারা টাকা খেয়ে দেশকে অশান্ত করতে চায়। সময় থাকতে সতর্ক না হলে ছাত্র-জনতা আবারও প্রতিরোধ গড়ে তুলবে।

মানববন্ধনে জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম বলেন, গাধা পানি খায়, কিন্তু ঘোলা করে খায়— এদেশের কিছু সুবিধাবাদী সুশীলদের কারণেও জুলাই গণ-অভ্যুত্থানের পরিবেশ ঘোলা করা হয়েছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি, আরেক ফ্যাসিবাদের হাতে দেশ তুলে দিতে পারি না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, মনোনয়ন বাণিজ্য ও কমিশন বাণিজ্যও চলবে না।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন। বক্তব্য রাখেন যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুসহ জাগপার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

 

সর্বাধিক পঠিত