মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
dailyfulki
daily-fulki

বরিশাল বিভাগে ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু

 

বরিশাল সংবাদদাতা : বরিশাল বিভাগে একদিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ৩৩ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।


বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যমল কৃষ্ণ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ১৩৮ জন।

মৃতদের মধ্যে বরগুনা জেলা হাসপাতালে দুজন এবং বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে একজন মারা গেছেন।

মৃতরা হলেন- অসীম সিকদার (৩৮), আবদুল হক (৬৮) এবং বাবুল (৩৩)। তারা সবাই বরগুনা জেলার বাসিন্দা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৩৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৪ জন, বরগুনায় ৫৭ জন, পটুয়াখালীতে ৩৫ জন, পিরোজপুরে ১৪ জন, ভোলায় ৪ জন, ঝালকাঠিতে ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে এসব হাসপাতালে ৪১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪৪ জন ডেঙ্গু রোগী বরগুনা জেলায়। বরগুনা জেলা হাসপাতালে মোট ১৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বরিশালের বিভিন্ন হাসপাতালে এখনো ১১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যমল কৃষ্ণ মন্ডল বলেছেন, মৌসুমের শেষ সময়ে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা বাড়ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

 

সর্বাধিক পঠিত