মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
dailyfulki
daily-fulki

চা, লবণ, সাবান ও ডিটারজেন্ট বিক্রিতে নামছে টিসিবি

 

স্টাফ রিপোর্টার : এবার চা, লবণ, সাবান ও ডিটারজেন্ট পাউডার বিক্রিতে নামছে রাষ্ট্রায়ত্ত বিপনন প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী নভেম্বর মাস থেকে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে বলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন। আজ সোমবার দুপুরে সচিবালয়ে টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক এক সভায় তিনি এ তথ্য জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার টিসিবির কার্যক্রম গতিশীল করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এক কোটি উপকারভোগী সঠিকভাবে নির্বাচন করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দরিদ্র মানুষ যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে না থাকে সেটা নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, ‘প্রকৃত উপকারভোগীর কাছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছাক— এটা আমার প্রত্যাশা। কার্ড দেওয়ার ক্ষেত্রে তার পরিচয়— হোক সে দরিদ্র–অসহায় মানুষ— সরকারের সহযোগিতা তাঁর প্রাপ্য।’


এক মাসের মধ্যে সিটি কর্পোরেশনসহ সারাদেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহবান জানান তিনি।

সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘সঠিক উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে শনাক্তকরণ মূল সমস্যা হিসেবে সামনে এসেছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যক্রমে গতি কিছুটা কম। সমস্যা চিহ্নিত হয়েছে, আশা করি দ্রুতই কাজটি সম্পন্ন হবে।


এখন টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোজ্য তেল, চিনি, মশুর ডাল ও চাল বিক্রি করে। গত বছরের জুলাই আন্দোলনের আগ পর্যন্ত দেশে টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ করা হতো। অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উপকারভোগী না পাওয়ায় অনেক কার্ড বাতিল করা হয়।

দেশব্যাপী টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে এখন ৬০ লাখ ৩৩ হাজার ৩১৬টি সক্রিয় রয়েছে বলে বাণিজ্য উপদেষ্টা জানান।

টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রতিবছর প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। এতে বাজারের চাহিদা ও সরবরাহে সমতা তৈরি হয় উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের সাথে নতুন পাঁচটি পণ্য (দুই ধরনের সাবানসহ) দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দেবে। একইসাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রপ্তানি মো. আব্দুর রহিম খান ও টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

 

সর্বাধিক পঠিত